পল্টনে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে লিমা (১৬) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পল্টন থানা উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ এ তথ্য জানান।

নিহত লিমার গ্রামের বাড়ি নেত্রোকোনায়। তার বাবার নাম নয়ম নিয়া। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

বিল্লাল হোসেন শেখ বলেন, লিমা পল্টন কালভার্ট রোডের একটি ভবনে অনন্যা নামে এক চিকিৎসকের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতো। প্রথমিকভাবে জানা গেছে, রবিবার সকালে ওই ভবনের ১৪তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘কেন লিমা ছাদ থেকে লাফ দিয়েছে, কিংবা অন্য কোনও ঘটনা আছে কিনা, সেটা তদন্তের পর জানা যাবে।’

লিমা কেনও ছাদ থেকে নিচে পড়েছে জানতে চাইলে গৃহকর্তী চিকিৎসক অনন্যা বলেন, ‘লিমাকে আমার এক কলিগের মাধ্যমে দুই বছর আগে বাসায় এনেছিলাম। সে আমার দুটি সন্তানকে দেখাশোনা করতো। কোনও এমনটা করেছে, সেটা আমরা জানি না।’