মিরপুরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে শত্রুতার জেরে মিলন (২৩) নামে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। 

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিয়ে আসা মিলনের বন্ধু মো. আলী জানান, মিলন মিরপুর -১, ছোট দিয়াবাড়ির আনারুলের ছেলে। তিনি পেশায় পোশাকশ্রমিক। 

নিকটাত্মীয় সঙ্গে না আসায় তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ। তিনি জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।