ইফতারের আগে রাজধানীতে যানজট, ভোগান্তিতে ঘরে ফেরা মানুষ

রমজানের সপ্তম দিন। শনিবার (৮ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন হলেও বিকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রাপথে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ। 

এদিন বিকাল থেকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর ধানমন্ডি, আসাদগেট, সাইন্সল্যাব, নিউ মার্কেট, গ্রিন রোড, পান্থপথ, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মংস্য ভবন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

এছাড়া সড়কে যানবাহনের চাপ দেখা গেছে বিজয় সরণী, সাত রাস্তা ও মহাখালীর দিকেও। সড়কে যানবাহনের চাপ থাকায় ঘরে ফেরা মানুষের পথে দীর্ঘ সময় কেটে যাচ্ছে। ইফতারের আগে বাসায় পৌঁছাতে সড়কের ভোগান্তি এড়াতে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।

ধানমন্ডি ৩২ পার হয়ে পান্থপথ সড়কে ঢুকে দীর্ঘ যানবাহনের লাইনে আটকে যায় আল-আমিনের রিকশাটি। আধা ঘণ্টা পার হলেও রিকশার চাকা ঘুরছে না বলে জানান ওই রিকশা চালক। রিকশায় থাকা যাত্রী আখিঁ আক্তার বসে বসে বিরক্ত প্রকাশ করছেন। তিনি বলেন, সঙ্গে বাচ্চা না থাকলে হেঁটে কাওরান বাজার চলে যেতাম।

পাঠাও চালক শাজাহান মিয়া বলেন, আমি হাতিঝিল হয়ে ফার্মগেট দিয়ে আসাদগেট আসলাম। এটুকু পথ অন্যদিন কম সময় লাগলেও আজকে সময় লেগেছে অনেক বেশি। রাস্তাই গাড়ি চাপ বেশি থাকায় সময় মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের একজন সহকারী পুলিশ কমিশনার জানান, আজকে ছুটির দিন হলেও সড়কে যানবাহনের চাপ আছে। আজকে কোনও একটি চাকরির পরীক্ষা ছিল সেজন্য মানুষ যাতায়াত বেশি। এছাড়া মার্কেট কেন্দ্রিক গাড়ি চাপ বেশি। বিশেষ করে বসুন্ধরা শপিং মলের দিকে প্রচুর গাড়ির ভিড়। যার ফলে বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, ইফতারের পর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সদস্যরা কাজ করছেন।