মধুবাগে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

হাতিরঝিলের মধুবাগ এলাকায় নিজ ফ্লাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর হোসেন অপু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পূর্ণ চিছাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মধুবাগের একটি ভবনের পঞ্চম তলার ফ্লাটের ভেতরে খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

এসআই পূর্ণ চিছাম সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছেন, অপু তার নিজ ফ্লাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

আকবর হোসেন অপু একজন চাকরিজীবী। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ফুলগাছি গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আকবর।