রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল উদ্ধারসহ মোবাইল চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগ।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৩০ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), মো. আব্দুল কাদের (৫০) ও মো. মনির হোসেন (৩২)।
ডিবির ওয়ারী বিভাগের বরাতে ডিসি জানান, মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান চালিয়ে ডেমরা থানাধীন সুন্না টেংরা এলাকা এবং শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে ফুটপাতের ওপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ চোরাই মোবাইল কেনা-বেচার জন্য অবস্থান করছে। এসময় একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪ থেকে ৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা চোরাই মোবাইলগুলো বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল। তারা দেশের বিভিন্ন স্থানে ছিনতাই/চুরি হওয়া মোবাইল গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করতো।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ডিবি।