তিন দফা দাবিতে জুলাই সনদ সই মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায়মুক্তিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর তারা সংসদ ভবনের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন বলে জানা গেছে।

জুলাই যোদ্ধাদের তিনটি দাবি হলো—জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন একজন জুলাই যোদ্ধা (ছবি: রাকিবুল ইসলাম)

জাতীয় ঐকমত্য কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তারা মঞ্চে অতিথিদের চেয়ারে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা (ছবি: রাকিবুল ইসলাম)

আমরা জুলাই যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল রাত থেকেই আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিক্ষোভ করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি। তাই বাধ্য হয়েই আজ আমাদের সদস্যরা জুলাই মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। 

দাবি না পূরণ হলে তারা সেখান থেকে সরবেন না বলে জানান তিনি।