ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

রাজধানীর ধলপুর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একইসঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে নতুন যানবাহন হস্তান্তর এবং চালক-মেকানিকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির মাসব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’ চলমান রয়েছে, যার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কবাতির উন্নয়নে কোনও ধরনের শৈথিল্য দেখানো হবে না।” অবৈধ দখলদারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসক বলেন, “জলাবদ্ধতা নিরসন এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতায় যেকোনো মূল্যে খাল ও জলাধারের জায়গা পুনরুদ্ধার করা হবে।”

ধলপুর এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। তারা এলাকার ড্রেন, নালা ও ফুটপাত থেকে জমে থাকা বর্জ্য অপসারণ করেন। পাশাপাশি মশা নিধনের জন্য ওষুধ ছিটানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি র‌্যালিও আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে ডিএসসিসি প্রশাসক ‘ডিএসসিসির আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড পার্কিং স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত নতুন যানবাহন হস্তান্তর করেন। হস্তান্তরিত যানবাহনের মধ্যে রয়েছে আট টন ক্ষমতাসম্পন্ন পাঁচটি থ্রি-হুইল রোড রোলার, তিনটি টায়ার ডোজার, একটি লো-বেড ট্রেইলার এবং পাঁচ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১০টি পানিবাহী গাড়ি। এসব যানবাহন নগরীর সড়ক রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।