সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ

৪৯ ঘণ্টা পর মিরাজের মরদেহ উদ্ধার

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নি‌খোঁজ হন মিরাজ ফকির (৫২)। অবশেষে নিখোঁজের ৪৯ ঘণ্টার পর মরদেহটি উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেরানীগঞ্জ লবণের মিলের বুড়িগঙ্গা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করে বরিশুর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, “আজ পৌনে ৭টার দিকে কেরানীগঞ্জ লবণের মিলের বুড়িগঙ্গা নদীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা মিরাজ ফকিরের মরদেহ শনাক্ত করে। বর্তমানে মরদেহটি মিডফোর্ট হাসপাতালের মর্গে রয়েছে।”

এর আগে, গত ১৮ মার্চ সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে সোহেল (২২) নামে এক যুবক প্রাণ হারান। একই দুর্ঘটনায়  আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুবা।

ঘটনার দিন বিকালে মিরাজ তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে একটি ট্রলারে করে মাঝ নদীতে থাকা লঞ্চে উঠতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ এবং ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারটি চাপা পড়ে।