রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, এ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় অভিযান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, “আমরা একদিকে ফুটপাত পরিষ্কার করি, অন্যদিকে আবার দখল হয়ে যায়। তাই নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এটি ধরে রাখার চেষ্টা করব।”
তিনি স্বীকার করেন, জনবল সীমিত হওয়ায় সবসময় এ অভিযান চালানো সম্ভব নয়। এ ক্ষেত্রে জনসচেতনতা ও স্থানীয় কমিউনিটির সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ডিআইজি ট্রাফিক বলেন, ধোলাইখাল এলাকায় অধিকাংশই ব্যবসায়ী। ব্যবসা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি জানান, আজ থেকে কেবল সতর্কতা নয়, সরাসরি অ্যাকশন শুরু হয়েছে এবং অভিযানে অনেক পণ্য জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ‘অভিযানে আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন। আমরা যেসব পণ্য জব্দ করেছি সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।’
তিনি আরও জানান, ১ এপ্রিল শুরু হওয়া এ অভিযান ২, ৩ ও ৫ এপ্রিলও চলবে। রাজধানীর গুরুত্বপূর্ণ ও বেশি ভোগান্তিপূর্ণ এলাকাগুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে এবং এটি চলমান থাকবে।
এর আগে সকাল ১১টায় ধোলাইখাল এলাকায় সড়কের পাশে থাকা বিভিন্ন দোকান ও স্থাপনার অবৈধ অংশ অপসারণের মাধ্যমে অভিযান শুরু করে ডিএমপি। এতে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
উল্লেখ্য, সম্প্রতি ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে ১ এপ্রিল থেকে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছিল।