রাজধানীর গুলশান থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।। রবিবার (১২ এপ্রিল) গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪) ।
গুলশান থানা সূত্রে জানা যায়, গোপন খবরে আজ বেলা ৩টার দিকে গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তিনজনকে আটক করা হয়। পরে যানটিতে তল্লাশি চালিয়ে ৫০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে।