মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ডিএমপির বিশেষ এই ইউনিটের দাবি, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী।

গ্রেফতারকৃতরা হলেন, মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।

সিটিটিসি সূত্র জানায়, গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রীন উড মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গত ২৫ মার্চ রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতের ওপর জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।