রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনার পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব থেকে বলা হয়, গতকাল সোমবার রাতে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। আজ দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন হবে, যেখানে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ক্যানসার হাসপাতালের পাশে অবস্থিত পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পেছনের গলিতে চিকিৎসক আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই সময় অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। আহত চিকিৎসককে উদ্ধার করে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। আর রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।