রাজধানীর কামরাঙ্গীচরে ‘সিটি প্লাইউড’ নামের একটি কারখানায় বোর্ডের আঘাতে মো. মিরাজ (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে রাত ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের শাহজাহানের ছেলে। কাজের সূত্রে কারখানার মেছে থাকতেন তিনি।
ওই কারখানার সুপারভাইজার মো. আব্দুল মান্নান জানান, কাজ করার সময়ে মেশিন থেকে বের হওয়া একটি বোর্ডের আঘাতে গুরুতর আহত হন মিরাজ। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিটি প্লাইউড কারখানাটিতে ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করেন বলে জানান মান্নান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।