রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় একটি বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, কাপড়ের দোকান কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) ও ভাগনি হাফছা (৮)।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়া দগ্ধ শাহিনের সহকর্মী মো. জসিম জানিয়েছেন, শাহিন নতুন বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ভোরে ঘুমন্ত অবস্থায় ছিলেন সবাই। রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে আসেন।
তিনি আরও জানান, ‘‘গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লাগতে পারে।’’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বলেন, ‘‘দগ্ধদের মধ্যে শাহীনের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাদের ভাগনি হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থাই আশংকাজনক।’’