চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব

রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সে জুয়েলারির দুটি দোকান থেকে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। চুরির ঘটনায় তা‌দের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

দারুস সালাম থানার পুলিশ বলছে, শনিবার (২৪ জলাই) দিবাগত রাত থেকে রবিবার (২৫ জুলাই) ভোরের মধ্যে চুরির ঘটনাটি ঘটে। 

শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার জসিম উদ্দিনের আল রাজ্জাক জুয়েলার্স ও আবুল হোসেনের এ হোসেন জুয়েলার্স থেকে এসব স্বর্ণালংকার চুরি হয়। 

দারুস সালাম থানার ওসি দুলাল হোসেন বলেন, প্রাথমিক হিসাবে আল রাজ্জাক জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি ও এ হোসেন জুয়েলার্স থেকে প্রায় ৫৯ ভরি স্বর্ণালংকার চুরির তথ্য পাওয়া গেছে। এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাই এতে জড়িত। তাদের সঙ্গে আরও তিন থেকে চার জন ব্যক্তি ছিলেন।

বাংলা ট্রিবিউনকে ওসি বলেন, নিরাপত্তাকর্মীরা চুরির উদ্দেশেই মার্কেটে কিছুদিন আগে চাকরি নিয়েছিলেন। চাকরি নেওয়ার সময় তা‌দের জমা দেওয়া জাতীয় প‌রিচয়পত্রগু‌লো ভুয়া বলে তদন্তে জানা গেছে। এ ছাড়া তা‌দের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। 

তিনি আরও জানান, নিরাপত্তাকর্মী‌দের ছবি পাওয়া গেছে। সে‌গু‌লো ও মার্কেটের সি‌সি‌টি‌ভি ফুটেজ পর্যা‌লোচনা ক‌রে তা‌দের শনাক্তের চেষ্টা চলছে। 

পুলিশ বলছে, মার্কেটের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি গয়নার দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মার্কেটের নিরাপত্তাকর্মীদের চুরিতে অংশ নিতে দেখা গেছে।

এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।