রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী কাদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে কাওরান বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। পরে আমি দ্রুত তাকে উদ্ধার করে আরেক পথচারীর সহায়তায় রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।