রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার আদি চ্যানেল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম সাইফ (৯) ও রোহান (৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল থেকে তারা নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের বরিশুড়ি ফাঁড়ির এএসআই বাবুল বলেন, খেলতে গিয়ে ওই দুই শিশু পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে যায় তারা। পরে আজ সকালে তাদের মরদেহ ভেসে ওঠে। দেখতে পেয়ে স্বজনরা তাদের মরদেহ পানি থেকে ওপরে তোলেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নিহত সাইফের বাবার নাম সাইদুল হক। তিনি ভ্যানেটি ব্যাগের ব্যবসায়ী। আর রোহানের বাবার নাম শফিক। তিনি মোবাইল ফোনসেট মেরামতের কাজ করেন। তারা উভয় পরিবার কামরাঙ্গীরচরের রহমতবাগের ম্যাচ ফ্যাক্টরি এলাকায় থাকে।
এএসআই বাবুল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।