বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী, ভেতরে ছিল যা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর হারানো দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।

আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা একটি ট্রলির ওপর একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি হেফাজতে নিয়ে তল্লাশি করে তারা দুটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পান।

পাসপোর্টের তথ্য যাচাই করে জানা যায়, ব্যাগটি চীন থেকে বিজি-৩৬৭ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের। বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হলে তিনি মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। পাশাপাশি পাসপোর্টে থাকা তথ্যের ভিত্তিতে মোবাইল ফোনে রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে রাকিবুল ইসলাম বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় উপস্থিত হলে তাকে ডিউটি সিকিউরিটি অফিসারের (ডিএসও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাই শেষে তাকে উদ্ধারকৃত সামগ্রীর প্রকৃত মালিক হিসেবে নিশ্চিত করা হয়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাযথ প্রক্রিয়ায় রাকিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ব্যাগ হারিয়ে মূল্যবান ল্যাপটপ, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাকিবুল ইসলাম। সামগ্রীগুলো অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি আনসার সদস্যদের সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।