যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী ঢাকার বেশ কয়েকটি মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। এতে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে টেকনিক্যাল মোড়সংলগ্ন মিরপুর বাংলা কলেজের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। 

একই সময়ে মতিঝিল ও আসাদগেটের আড়ং মোড়েও সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন অন্যান্য কেন্দ্রের চাকরিপ্রার্থীরা।

বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা বলছেন, ফ্যাসীবাদের আমলেও নিয়োগপরীক্ষাগুলোতে প্রশ্নফাঁস হতো। এই সরকারের আমলেও তাই হচ্ছে, তাহলে চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবন দিয়ে লাভটা হলো কী? 

তারা আরও বলেন, সরকারকে আজকের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ করার জন্য কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আফজাল হোসেন নামের একজন চাকরিপ্রার্থী বলেন, দূর-দূরান্ত থেকে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় এসেছিলাম পরীক্ষা দিতে। এত কষ্ট করে পরীক্ষার হলে যাওয়ার পর শুনি পরীক্ষা স্থগিত। কারণ প্রশ্ন ফাঁস হয়ে গেছে। 

তিনি আরও বলেন, আমরা যে হাজার হাজার পরীক্ষার্থী এত কষ্ট করে পরীক্ষা দিতে আসলাম, এখন আমাদের এই ক্ষতিপূরণ দেবে কে? প্রশ্ন ফাঁসের সঙ্গে যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।