রাজধানী ঢাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফিলিপাইনের নাগরিক মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)। তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়। বর্তমানে তিনি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষায় তার শরীরে ৬৩ শতাংশ ফ্লেম বার্ন শনাক্ত করেছেন চিকিৎসকরা। পাশাপাশি ধোঁয়া বা গরম গ্যাসের কারণে শ্বাসনালিতে গুরুতর আঘাতের আশঙ্কা রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।