‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’ 

রাজধানীর যাত্রাবাড়ীর জনপথ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তি‌নি গুলিস্তানে জুতার ব্যবসা করতেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মালঞ্চ কমিউনিটি সেন্টার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই মো. রিয়াজ বলেন, নিহতের মর‌দেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। 

নিহত আরিয়ান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রামনগর গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগের নবীনগরে পরিবারের সঙ্গে থাকতেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন আরিয়ান। বছর খানিক হলো বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম মিম। তিনি অন্তঃসত্ত্বা। 

নিহতের বেয়াই সোহাগ জানিয়েছেন, আরিয়ান গুলিস্তানে জুতার ব্যবসা করতেন। প্রতিদিন রাত ১০টার দিকে বাসায় চলে আসতেন। কিন্তু বৃহস্পতিবার রাত ১২টা পার হলেও বাসায় ফেরেননি। তাকে মোবাইলেও পাওয়া যায়নি। পরে আমরা রাতে গুলিস্তানে জুতার দোকান গিয়ে দেখি, দোকান বন্ধ। খোঁজাখুজি করে ফেরার পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টার সামনে অনেক লোকের ভিড় হয়ে ছিল, জানতে পারি সেখানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। তার নিথর দেহ পড়ে আছে। পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে ব্যাগের ভেতর রাখছেন। 

তিনি আরও জানান, লাশ দেখে চিনতে পারি, সেই আমাদের আরিয়ান। পরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতের মাথায় আঘাত ছিল। তবে কীভাবে, কোন গাড়ি ঘটনাটি ঘটিয়েছে, সে ব্যাপারে কিছুই জানতে পারিনি।