এসময় ইশরাকের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ দলটির অসংখ্য নেতাকর্মী।
এর আগে ইশরাক জুরাইন কবরস্থানে তার বাবা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন।
শুক্রবার সকালে ইশরাক প্রতীক বরাদ্দ নেন। তখন তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে গণমাধ্যম কর্মীদের বলেন, ‘নির্বাচন কমিশন একটি মেরুদণ্ড ও দন্তহীন বাঘের ভূমিকায় রয়েছে। তিন দিন আগে তাদেরকে আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার যে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী, তার নামে বহু রঙিন পোস্টারে ঢাকার দক্ষিণ সয়লাব হয়ে গেছে। প্রমাণসহ অভিযোগপত্র দিয়েছিলাম। তারা কোনও পদক্ষেপ নেয়নি।’
ইশরাক বলেন, ‘আমিও তাদের অবস্থা বুঝি। তাদের আসলে কিছু করার নেই। তাদের সেই ক্ষমতাও নেই, সাহসও নেই। এ নিয়ে আমরা মোটেও বিচলিত না। আমরা পরোয়া করি না, আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের কাজ করে যাবো। আমরা নির্বাচনি আচরণবিধি মেনে কাজ করছি।’