ইউপি নির্বাচন ২০১৬

সিরাজগঞ্জে বিএনপির প্রার্থী চুড়ান্ত, তৃণমূলের মতামতকে উপেক্ষার অভিযোগ

সিরাজগঞ্জআসন্ন ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।  ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
এদিকে সলঙ্গা থানার তিনটি ও রায়গঞ্জের একটি ইউনিয়নে প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামীলীগের মত বিএনপির তৃণমুল পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামতকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে আঁতাত করে সলঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন বলেও অভিযোগ বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বিএসসি, ধুবিল ইউনিয়নের সাবেক সভাপতি আবুল হাসেন ও নলকা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রনজিত কুমার জানান, ১৮ ফেব্রুয়ারি রাতে থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ শাহীন দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরা হলেন, নলকা ইউনিয়নে আব্দুল গফুর, ঘুড়কা ইউনিয়নে আবু সাঈদ ভুইয়া ও ধুবিল ইউনিয়নে হাসান ইসমাইল সোহন।
এদের মধ্যে নলকা ইউনিয়নে এবার যিনি মনোনয়ন পেয়েছেন, গত নির্বাচনে তিনি পেয়েছিলেন মাত্র ৮০০ ভোট। মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থী আজাদ হোসেন পেয়েছিলেন চার হাজার ভোট।

একইভাবে ঘুড়কা ইউনিয়নে এবারের মনোনীত প্রার্থী আবু সাঈদ ভূঁইয়া গত নির্বাচনে পান ২৫৬ ভোট পান। অপর মনোনয়ন প্রত্যাশী আবু তালেব গত নির্বাচনে পেয়েছিলেন ৩৮০০ ভোট। তারপরও ওইসব প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হয়।

আইয়ুব আলী বিএসসি বলেন, প্রার্থী মনোনয়নের ব্যাপারে আমাকে ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকদের বাদ রাখা হয়েছে। আওয়ামীলীগের কাছে টাকা নিয়ে দুর্বল প্রার্থী মনোনয়ন দিয়েছেন থানা সভাপতি ও সাধারণ সম্পাদক। ওইসব মনোনয়ন বাতিল করা না হলে ধুবিল ইউনিয়নে আবুল হাসেম ও নলকা ইউনিয়নে সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।

এ বিষয়ে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সরকার আওয়ামী লীগের সাথে আঁতাত করে দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, থানা সভাপতি, সম্পাদক ও ইউনিয়ন সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের মতামতের ভিত্তিতে দলের পরীক্ষিত ব্যক্তিদের মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে রায়গঞ্জ উপজেলার অপর ছয়টি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন ধামাইনগরে ইমতিয়াজ আলী মাসুদ, চান্দাইকোনায় খন্দকার মো. শামসুল হাসান, ধানগড়ায় মো. শামছুল ইসলাম, সোনাখাড়ায় আব্দুল কুদ্দুস মন্ডল, পাঙ্গাসী মজিবর রহমান মল্লিক ও ব্রহ্মগাছায় আবুল কালাম আজাদ।

এদের মধ্যে ব্রহ্মগাছা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী গাজী আনিছুর রহমান শনিবার দুপুরে প্রতিবাদ-সমাবেশ করেছেন। তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে নিজেকে বিদ্রোহী প্রার্থী ঘোষণা না দিলেও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাহমুদ নাজিরকে সমর্থন জানিয়েছেন।

আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম দফায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২২ ফেব্রুয়ারী সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

/এইচকে/