গরমে অতিষ্ঠ জনজীবন, ৪০ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বাংলা মাসের আজ ২৪ ফাল্গুন হলেও তাপমাত্রার দিক থেকে ফাল্গুনের আমেজের চেয়ে এখন চৈত্রের কাঠফাটা গরম অনুভূত হচ্ছে। ইতোমধ্যে তাপমাত্রা উঠেছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে যা চলতি মাসে সর্বোচ্চ ৪০ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। একইসাথে চলতি মাসের ১৫ তারিখের পর থেকে কালবৈশাখী ঝড় শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। দুপুরের দিকে রাজধানীতে গরমে হাঁসফাঁস অবস্থা। বিকালে তাপমাত্রা কিছুটা কমে এলেও ভোর থেকে আবার বাড়তে শুরু করে তাপমাত্রা। আর সূর্য ওঠার পর তার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।

গরমে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিনমজুর,  কৃষক, হকার,  রিকশাচালকদের। দিনভর ঘরের বাইরে এই গরমে কাজ করে দুপুর নাগাদ ক্লান্ত হয়ে পড়ছেন। রিকশাচালক রশিদ বলেন, সকালের দিকের রোদে রিকশা চালাতে এতটা খারাপ লাগে না। কিন্তু দুপুরের চড়া রোদে আর রিকশা চালানো যায় না। ঘেমে নেয়ে যাই। শরীরে আর সহ্য হয় না। তাই মাঝে মাঝে এখন সন্ধ্যার পর রিকশা আর চালাতেই পারি না। তবে যারা বিকালে কাজে বের হয় তারা এখনও মোটামুটি ভালো অবস্থাতেই থাকে।

পল্টনের হকার রমিজ জানান, এতদিনে শীতের কাপড় বিক্রি করেছি খুব আরামে। এখন গরম বাড়ছে। দুপুরে মাঝে মাঝে দোকান বন্ধ করে দিতে হয়। তাপ নেওয়া যায় না। দুর্বল লাগে অনেক।

এই কষ্ট শুধু নিম্নবিত্তদের নয়, মধ্যবিত্তরাও ভুগতে শুরু করেছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা কষ্ট পাচ্ছে।

যেসব শিক্ষার্থীর স্কুল সকালে তারা কিছুটা স্বস্তিতে ক্লাস করলেও যাদের শিফট দুপুরে গরমে তারা কষ্ট পাচ্ছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১৫ তারিখের পর থেকে মূলত ঝড় বৃষ্টি শুরু হতে পারে৷ তাপমাত্রা ইতোমধ্যে বেশ বেড়ে গেছে। চলতি মাসে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরণের এবং ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরণের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩২ দশমিক ৭, রাজশাহীতে ৩৩, রংপুরে ৩১ দশমিক ৬, ময়মনসিংহে ৩১, সিলেটে ৩৩ দশমিক ৪, চট্টগ্রামে ৩৩ দশমিক ৯, খুলনায় ৩২ দশমিক ৫ এবং বরিশালে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷