দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে পরিবেশ ও বন অধিদফতরের কোনও কর্মকর্তা কোনও প্রকার দুর্নীতি, অনিয়ম ও অবহেলা দেখালে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের বনকে বনের মতো রাখতে হবে এবং দেশের পরিবেশের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিকভাবে নিবেদিত হয়ে কাজ করতে হবে।
বুধবার (১৪ আগস্ট) বিকালে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বন অধিদফতর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবরা, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক-সহ বিভাগীয় বন কর্মকর্তা পর্যন্ত বন অধিদফতরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, জনগণের অভিযোগ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দৃশ্যমান ফলপ্রসূ কাজের মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা পরিবেশ ও বন অধিদফতরের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।