এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান

এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তি এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ ক্যাম্পেইনের প্রতিনিধি শরীফ জামিল।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সাইড ইভেন্ট ‘দ্য রোল অব চায়না ইন গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ওয়াটার কিপার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুরস্ক থেকে জানানো হয়।

শরীফ জামিল বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীন। প্রযুক্তি ও অর্থায়নের ক্ষেত্রে দেশটির সঙ্গে আরও সহযোগিতা প্রয়োজন। তবে এসব পরিকল্পনা ও প্রকল্প হতে হবে স্বচ্ছ, বিকেন্দ্রীভূত ও গণতান্ত্রিক এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অবকাঠামোকেন্দ্রিক।

তিনি বলেন, জ্বালানিসুবিধাবঞ্চিত ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের অধিকার, জীবিকা ও প্রাকৃতিক প্রতিবেশ সুরক্ষায় গুরুত্ব দিতে হবে।

আলোচনায় ভারতের সামাতা এবং মাইনস, মিনারেলস অ্যান্ড পিপল-এর প্রতিনিধি রবি রেবাপ্রগাদা বলেন, সবুজ শিল্পায়নের নামে পুরোনো সম্পদ আহরণ ও শোষণমূলক উন্নয়ন মডেলের পুনরাবৃত্তি করা চলবে না। জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে যেকোনও অংশীদারত্বে স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক সুফল এবং ঝুঁকিতে থাকা মানুষের জন্য ন্যায্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাধীন তদারকি ও ক্ষতিগ্রস্তদের প্রতিকার পাওয়ার সুযোগ থাকতে হবে।

ফিলিপাইনের ফিলিপাইন মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক ইয়ান রিভেরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যয় তুলনামূলক কম। তাই বৃহৎ অবকাঠামোভিত্তিক প্রকল্পের পরিবর্তে ক্ষুদ্র পরিসরের ও স্থানীয় জনগোষ্ঠীনির্ভর প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিশ্বজুড়ে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণে চীন নেতৃত্ব দিতে পারে।

সাইড ইভেন্টে চীনের সবুজ শিল্পায়ন উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিস্তার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে উন্নয়ন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের নাগরিক সমাজ ও জলবায়ু আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।