এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ, ভুটান ও নেপালের

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যাতে বাংলাদেশ, ভুটান ও নেপাল নির্ভরযোগ্য ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন পেতে পারে, সেই আহ্বান জানিয়েছে তিন দেশ। তাদের বক্তব্য, উন্নয়নের পথে অগ্রগতি মানেই জলবায়ু ঝুঁকি থেকে মুক্তি নয়। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় এসব দেশের প্রয়োজন ফুরিয়ে যায় না।

একই সঙ্গে অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ দিয়েছে দেশ তিনটি। হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, মৌসুমি বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়া, আন্তঃসীমান্ত নদীর প্রবাহে পরিবর্তন, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মাটিতে লবণাক্ততা ছড়িয়ে পড়ার মতো সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে তারা।

গত ১৪ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ‘ফ্রম শেয়ার্ড ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স ইন বিবিএন: অ্যাডভান্সিং অ্যাডাপটেশন অ্যান্ড ফাইন্যান্স প্রায়োরিটিজ অ্যাট কপ৩১’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি)। সহযোগিতায় ছিল ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ (সিজেএ-বি)।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ, ভুটান ও নেপালের সরকারি প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘের জলবায়ু আলোচনা ও দর-কষাকষিতে অভিযোজন এবং অর্থায়নের ক্ষেত্রে জলবায়ু ঝুঁকিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতায় তিন দেশের মধ্যে পার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। হিমালয় থেকে বদ্বীপ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের জলবায়ু ও পরিবেশগত ব্যবস্থা একে অপরের ওপর নির্ভরশীল। ফলে বিচ্ছিন্নভাবে জাতীয় পর্যায়ে উদ্যোগ নিয়ে এসব ঝুঁকি মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত আঞ্চলিক পদক্ষেপ।

আলোচনা সঞ্চালনা করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণকে জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ হিসেবে দেখার সুযোগ নেই।

এলডিসি থেকে উত্তরণের পরও আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়ার ক্ষেত্রে আরও নমনীয়তা আনার আহ্বান জানান তিনি। তার মতে, উন্নয়নের অর্জন যেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিআরডির গবেষণা ও অ্যাডভোকেসি কর্মসূচির ব্যবস্থাপক শেখ নূর আতায়া রাব্বি। তিনি কপ৩১-এ বাংলাদেশ, ভুটান ও নেপালকে নিয়ে একটি যৌথ অভিযোজন ও জলবায়ু অর্থায়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, তিন দেশের সম্মিলিত দাবি ও অভিন্ন অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে সমন্বিত আঞ্চলিক প্রচারণা জরুরি। এতে দেশগুলোর নিজস্ব জলবায়ু ঝুঁকির পাশাপাশি পারস্পরিকভাবে সম্পর্কিত সংকটগুলোও যথাযথ স্বীকৃতি পাবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী বলেন, জলবায়ুসংশ্লিষ্ট আবহাওয়াগত দুর্যোগ ক্রমেই ঘন ঘন ঘটছে। এসব দুর্যোগের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে, একই সঙ্গে সেগুলোর পূর্বাভাস দেওয়াও কঠিন হয়ে উঠছে। গঙ্গা-মেঘনা-ব্রহ্মপুত্র অববাহিকাজুড়েই এর প্রভাব পড়ছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা অনেক জনগোষ্ঠী ও ভৌগোলিক অঞ্চল এখনো যথাযথভাবে চিহ্নিত হয়নি। ঝুঁকি নিরূপণ, প্রাতিষ্ঠানিক দায়িত্ব বণ্টন এবং সম্পদ বরাদ্দের ঘাটতির কারণে এসব জনগোষ্ঠী প্রয়োজনীয় সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছে।

আন্তঃসীমান্ত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন সাদী। তাঁর মতে, এ ধরনের সহযোগিতা নীতিনির্ধারণে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তৈরি, সম্মিলিত দাবি জোরালো করা এবং আন্তঃসীমান্ত সংকট মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি অঞ্চলজুড়ে একে অপরের সঙ্গে সমন্বয়যোগ্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালুর আহ্বান জানান। বলেন, এ ধরনের ব্যবস্থার কার্যকারিতা শুধু কতটা এলাকায় পৌঁছানো যাচ্ছে, তার ওপর নির্ভর করে না। ঝুঁকিতে থাকা মানুষ সেগুলো কতটা সহজে ব্যবহার করতে পারছেন এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ।

ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় মাত্রা ও গতিতে আর্থিক ও প্রযুক্তিগত সম্পদ সংগ্রহের আহ্বানও জানান তিনি।

এলডিসি সহায়তা দলের প্রধান এবং ক্লাইমেট অ্যানালিটিকস সাউথ এশিয়ার পরিচালক মনজিৎ ঢাকাল বাংলাদেশ, ভুটান ও নেপালকে হিমালয় এবং গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি আন্তসংযুক্ত ‘পাহাড় থেকে বদ্বীপ’ জলবায়ু ও উন্নয়ন করিডর হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, এই অঞ্চলের অভিন্ন জলবায়ু ঝুঁকি একেকটি দেশের আলাদা উদ্যোগে যথাযথভাবে মোকাবিলা করা সম্ভব নয়। বরং বাংলাদেশ, ভুটান ও নেপালকে একটি আঞ্চলিক অভিযোজন কেন্দ্র হিসেবে বিবেচনা করা প্রয়োজন। অর্থায়ন ও পরিকল্পনা নির্ধারণ করতে হবে দেশগুলোর প্রকৃত ঝুঁকি এবং অভিযোজনের প্রয়োজনের ভিত্তিতে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিআরএল) মো. জিয়াউল হকও এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ উন্নয়নের অগ্রগতির স্বীকৃতি। এর অর্থ এই নয় যে জলবায়ু ঝুঁকি আর নেই। জাতীয় অভিযোজনের অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) আওতায় জলবায়ু অর্থায়নের আরও কার্যকর সংযোগ প্রয়োজন।

জিয়াউল হক বলেন, ভবিষ্যতের জলবায়ু ঝুঁকি এবং দেশগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে অর্থায়ন ব্যবস্থায় অনুদানভিত্তিক সহায়তা সুরক্ষিত রাখতে হবে। আন্তর্জাতিক অর্থায়ন যেন জাতীয়ভাবে চিহ্নিত ও ব্যয় নিরূপণ করা অভিযোজনের অগ্রাধিকার খাতে উপযুক্ত শর্তে পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার (ক্যানসা) কর্মসূচি ব্যবস্থাপক রুচি চৌধুরী বাংলাদেশ, ভুটান ও নেপালের সরকার এবং নাগরিক সমাজের সংগঠনগুলোকে সমন্বিত ও জলবায়ু ঝুঁকিকেন্দ্রিক অভিযোজন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, তীব্র জলবায়ু ঝুঁকি ও সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তিন দেশ ধারাবাহিকভাবে জলবায়ু নেতৃত্বের পরিচয় দিয়েছে।

কপ২৮, কপ২৯ ও কপ৩০-এ বিবিএন অ্যালায়েন্সের উদ্যোগের ধারাবাহিকতায় তিনি আন্তঃসীমান্ত ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রম, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

পাশাপাশি জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং দীর্ঘমেয়াদি স্বল্প-নিঃসরণ উন্নয়ন কৌশলের (এলটি-এলইডিএস) আওতায় অভিযোজনের অগ্রাধিকারের সঙ্গে কম কার্বন নিঃসরণভিত্তিক উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ের আহ্বান জানান তিনি।

তিন দেশের তিন দাবি

সংবাদ সম্মেলনে কপ৩১ এবং পরবর্তী সময়ের জন্য বাংলাদেশ, ভুটান ও নেপালের তিনটি প্রধান নীতিগত দাবি তুলে ধরা হয়।

প্রথমত, বৈশ্বিক জলবায়ু আলোচনায় জলবায়ু ঝুঁকিকেন্দ্রিক অভিযোজনকে অগ্রাধিকার দিতে হবে। অর্থায়ন ও সহায়তা নির্ধারণের ক্ষেত্রে ন্যায্যতা, মানবাধিকার এবং তিন দেশের পারস্পরিক সম্পর্কিত ঝুঁকিগুলো বিবেচনায় রাখতে হবে।

দ্বিতীয়ত, এলডিসি থেকে উত্তরণের পরও পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতের অর্থায়ন নির্ধারণে শুধু উন্নয়নের শ্রেণিবিন্যাসের ওপর নির্ভর না করে দেশগুলোর প্রকৃত ও সম্ভাব্য জলবায়ু ঝুঁকি, জাতীয় অভিযোজনের প্রয়োজন এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে।

তৃতীয়ত, অভিন্ন বিবিএন অ্যাডভোকেসি ও দর-কষাকষির কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে। এর আওতায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার মতো বিষয়গুলোতে সহযোগিতা বাড়াতে হবে।

সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকিকে অর্থনৈতিক ও উন্নয়নগত শ্রেণিবিন্যাসের বাইরে গিয়ে বিবেচনা করে আরও ন্যায়সংগত বৈশ্বিক অভিযোজন কাঠামো গড়ে তুলতে সরকার, নাগরিক সমাজের সংগঠন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের একযোগে কাজ করতে হবে।

তাঁদের সতর্কবার্তা, শুধু উন্নয়নের উচ্চতর অবস্থানে পৌঁছানোর কারণে কোনো দেশের জরুরি জলবায়ু সহায়তা পাওয়ার সুযোগ বন্ধ হওয়া উচিত নয়। বিশেষ করে যখন সেই দেশের জনগোষ্ঠীকে ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে।

এই প্রতিবেদনটি কপ৩১ ক্লাইমেট চেঞ্জ মিডিয়া পার্টনারশিপের আওতায় তৈরি। ইন্টারনিউজের আর্থ জার্নালিজম নেটওয়ার্ক, ইনফর্মড আর্থ এবং স্ট্যানলি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি যৌথভাবে এই সাংবাদিকতা ফেলোশিপ আয়োজন করেছে।