ঢাবি অধ্যাপক এ বি এম মাহমুদের ইন্তেকাল, উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদ ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি ব্রিটিশ-ভারতের ইতিহাস বিশেষজ্ঞ ও আমেরিকান ইতিহাসের পন্ডিত ছিলেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ ইতিহাস তথ্য উৎসে তার ছিল অসাধারণ প্রবেশাধিকার। সৎ, নিষ্ঠাবান, নিবেদিতপ্রাণ, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার এই গুণী শিক্ষক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় চেয়ারম্যান ও ইউজিসি অধ্যাপক হিসেবে শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।