সন্ধ্যার মৃত্যু সংগীতের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

বাংলা গানের প্রবাদপ্রতীম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু উপমহাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান এ দেশের জনগণ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে উদ্বাস্তুদের জন্য অর্থ সংগ্রহে যোগ দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি উপলক্ষে তিনি গেয়েছিলেন ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে’ গানটি।

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম একুশে ফেব্রুয়ারিতে ঢাকার পল্টন ময়দানে একটি উন্মুক্ত কনসার্টে গান গাইতে এসেছিলেন সন্ধ্যা তিনি।

রাষ্ট্রপতি সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।