বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে জিএম কাদেরের শোক

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

এর আগে আজ শনিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক মেডিক্যাল হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই রাষ্ট্রপ্রধান। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

পরে গণমাধ্যমে পাঠানো এক শোকাবার্তায় জিএম কাদের প্রয়াত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। শোক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ্ যেন তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।

এদিকে সাবেক এই রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এরশাদ সরকারের পতনের পর ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।