দেশের নারী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সেতারা মূসা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৩টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক।
নারী সাংবাদিক কেন্দ্রের উপদেষ্টা সেতারা মূসা সাংবাদিকতা শুরু করেন ১৯৬৭ সালে। তিনি দেশের বিভিন্ন সংবাদপত্রে নারী পাতার সম্পাদকের দায়িত্বও পালন করেন। দেশের আরেক পথিকৃৎ একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবিএম মূসার সহধর্মিণী তিনি।
ফুসফুসের প্রদাহজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন সেতারা মূসা।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু জানান, আজ বাদ এশা মোহাম্মদপুরের ইকবাল রোডের বায়তুস সালাম মসজিদে তার প্রথম জানাজা হয়। তারপর মরদেহ ফ্রিজিং ভ্যানে রাখা হবে।
বুধবার (২৫ মার্চ) বাদ জোহর ফেনীর ফুলগাজীতে স্বামী প্রয়াত এবিএম মূসার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।