বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশের কার্ডিওলোজির পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে হৃদরোগ বিভাগে এই স্মরণ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিক ছিলেন দূরদর্শী সম্পন্ন কর্মবীর মানুষ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি কাজকে প্রাধান্য দিয়েছেন। তিনি বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা ও ব্যবস্থাপনার পথিকৃৎ। তার সঙ্গে আমার বহুকাজ করার সুযোগ হয়েছিল। তিনি হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন। তার সহযোগিতায় গোপালগঞ্জে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সেখানকার মানুষকে সেবাদানের সুযোগ করা হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি বঙ্গবন্ধুর পিতা মাতাকেও সেবা দিয়েছিলেন। তিনি সারা জীবন মানুষকে সেবা দিয়েছেন।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, অধ্যাপক ডা. আব্দুল মালিক স্যারের জীবন অনেক বর্ণাঢ্যময়। তার সঙ্গে অনেক জায়গায় অনেক অ্যাকাডেমিক কাজ করার সুযোগ পেয়েছি। আমরা তার বর্ণাঢ্য জীবন সবাই স্মরণ করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় পথিকৃৎ হলেন প্রয়াত অধ্যাপক ডা. আব্দুল মালিক। বীজ স্বরূপ তার ছাত্ররা আজ মহীরূপে পরিণত হয়েছে। বাংলাদেশ ও বিদেশের হৃদরোগে চিকিৎসা সমান পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি হৃদরোগ প্রশমনের পাশাপাশি হৃদরোগ প্রতিরোধেও কাজ করেছেন।
স্মরণ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কেএম এইচ এস সিরাজুল হক, অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. একেএম ফজললুর রহমান, হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আল রিজভী, অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হারিসুল হক, জাতীয় অধ্যাপক ব্রিগে. জেনারেল (অব.) ডা. আব্দুল মালিকের কন্যা অধ্যাপক ডা. ফজিলাতুন্নেছা মালিক প্রমুখসহ তার সাবেক সহকর্মী ও শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান।