জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বাসদের শ্রদ্ধা

শহীদ জননী জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার (২৬ জুন) সকালে বাসদের পক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বজলুল রশীদ ফিরোজ বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করলেও ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করেনি, বরং ধর্মভিত্তিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে কে কত বেশি রাজনীতিতে ধর্ম ব্যবহার করবে, তার প্রতিযোগিতায় লিপ্ত শাসক শ্রেণির দলগুলো।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো পালাক্রমে দেশ পরিচালনা করলেও তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে। এ কারণে আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত, কথিত ধর্ম অবমাননার নামে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ সাম্প্রদায়িক অপশক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে।’

এ সময় তিনি রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধসহ গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্ববান জানান।

এ সময় আরও ছিলেন– বাসদের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, সদস্য জুলফিকার আলী, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও ঢাকা নগর কমিটির নেতা খালেকুজ্জামান লিপন প্রমুখ।