ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক আবদুল গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তায় উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলনে আবদুল গফুর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। অধ্যাপক আবদুল গফুর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর।
ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলার খোর্দ্দদাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি ভাষা আন্দোলনের মুখপত্র ‘সৈনিক’ পত্রিকার সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য ২০০৫ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়। তিনি সর্বশেষ ফিচার এডিটর হিসাবে দৈনিক ইনকিলাবে দায়িত্ব পালন করেন।