বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রফেসর মাহফুজা খানমের মৃত্যুতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) আসকের চেয়ারপার্সন জেড আই খান পান্নার সই করা শোকবার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়।
আসকের পাঠানো শোকবার্তায় বলা হয়, প্রফেসর মাহফুজা খানম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী ভিপি। ১৯৪৬ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করা এই কৃতী শিক্ষাবিদ নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে অসামান্য অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধের প্রজ্বলিত চেতনায় ভরপুর তিনি সারাজীবন কাজ করে গেছেন মানবাধিকার, শিক্ষা উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়।
জাতীয় পর্যায়ে তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একাধিক সম্মাননা ও পদক, যার মধ্যে রয়েছে ‘বেগম রোকেয়া পদক’ এবং ‘একুশে পদক’। পাশাপাশি তিনি মানবাধিকার, নারী ক্ষমতায়ন এবং সমাজ উন্নয়নে কাজ করা বিভিন্ন সংস্থার সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
আসক বলেছে, প্রফেসর মাহফুজা খানমের ত্যাগ ও কর্মব্যক্তিত্ব দেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবককে হারালো।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রফেসর মাহফুজা খানমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।