বিএনপি নেতা সানাউল্লাহ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করেছেন আইনজীবীরা। সোমবার (৩০ মার্চ) তার আত্মার মাগফিরাত কামনায় আইনজীবী সমিতির মো. সানাউল্লাহ মিয়া হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েট।

আলোচনায় বক্তারা বলেন, সানাউল্লাহ মিয়া শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তার ব্যক্তিত্বের গভীরতা ছিল অসাধারণ। তিনি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। দলের জন্য ঈদের দিনেও আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। দলের মনোনয়ন না পাওয়ার কষ্ট তাকে ভীষণভাবে আঘাত করেছিল এবং এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বক্তারা আরও উল্লেখ করেন, সানাউল্লাহ মিয়া ছিলেন অত্যন্ত সহৃদয় মানুষ। তিনি কাউকে নিয়ে সমালোচনা করতেন না এবং মানুষের উপকারে সদা নিয়োজিত ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি দলের জন্য কাজ করে গেছেন। তবে প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়ার কষ্ট নিয়েই তিনি বিদায় নেন। ঢাকা বারে তার কোনও শত্রু ছিল না; অনেক কষ্ট পেলেও তিনি নীরবে সহ্য করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। 

এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, সাবেক পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ মার্চ রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।