সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। 

সংস্থা‌টি বল‌ছে, তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

শ‌নিবার (৩ অ‌ক্টোবর) পাঠা‌নো শোক বার্তায় আসক বল‌ছে, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশের অন্যতম পথিকৃৎ। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের সংবাদসেবাকে প্রচলিত মাধ্যমের গণ্ডি পেরিয়ে ডিজিটাল পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও তথ্যের দ্রুত, পেশাদার ও বস্তুনিষ্ঠ পরিবেশনের একটি নতুন ধারার বিকাশে অবদান রেখেছেন।

আসক মনে করে, তার অবদানের তাৎপর্য কেবল একটি অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা ও পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য জানার অধিকার এবং স্বাধীন গণমাধ্যমের পরিসরকে তিনি সাংবাদিকতার অপরিহার্য ভিত্তি হিসেবে ধারণ করেছেন। ভিন্নমত ও ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রেখে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে সংবাদ ও আলোচনার পরিসরে নিয়ে আসার মধ্য দিয়ে তিনি দেশের গণমাধ্যমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকের চিন্তাকে গণমাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে মানবাধিকার এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সম্পাদনায় বস্তুনিষ্ঠতা, সূত্রনির্ভরতা ও পেশাগত সাংবাদিকতার চর্চা অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে।

একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি রাষ্ট্র ও সমাজের কাছে জবাবদিহি নিশ্চিত করা, নাগরিকের কণ্ঠস্বরকে দৃশ্যমান করা এবং ভিন্নমতের সহাবস্থানের ক্ষেত্র তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ সাংবাদিকতা-জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হলো এই পরিসরকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রচেষ্টা।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে গভীর সমবেদনা জ্ঞাপন করছে।