টানা তৃতীয়বারের মত জনপ্রতিনিধি তথা ‘মেয়র’ হয়ে এবারের বিজয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর শহরের পশ্চিম দেওভোগে নিজ বাড়ির সামনে বিজয় উল্লাস করা লোকজনদের সামনে আইভী এই জয় উৎসর্গের কথা বলেন।
এছাড়া, আগামীকাল শুক্রবার সকালে সাখাওয়াত হোসেনের বাসায় আইভী নাস্তা খেতে যাবেন বলেও গণমাধ্যমকে জানান। এর আগে আইভী একাধিক আলোচনায় বলেছিলেন, তিনি জয়ী হলে পরদিন সাখাওয়াতের বাসায় গিয়ে নাস্তা করবেন।
সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভোটের পর সন্ধ্যা ৬টার পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল যেতে শুরু করে আইভীর ক্যাম্পে। তখন সেখানে থাকা লোকজন ও দলের নেতাকর্মীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়তে থাকে। একেকটি কেন্দ্র থেকে ফলাফল আসে আর তখন উল্লাসে ফেটে পড়েন তারা। পরে রাত সোয়া ১০টার দিকে বাসা থেকে নিচে নেমে এলে অগণিত নেতাকর্মী সমর্থকরা তাকে ফুলের মালা দিয়ে ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন। এছাড়া দেওভোগে আইভীর বাসভবন, শহরের ২নং রেলগেট ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে নেতাকর্মীরা উল্লাস করেন।
/এমও/