৫ ডিসেম্বরের মধ্যে শরিকদের সঙ্গে বোঝাপড়া: বিএনপি

বিএনপি জানিয়েছে, আসন্ন পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে। এই বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বুধবার বিকালে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বিএনপির এই অবস্থান ব্যক্ত করেন।

ফজলুল হক মিলন বলেন, জামায়াতসহ জোট শরিকদের সঙ্গে পৌরমেয়র প্রার্থিতা ভাগাভাগির বিষয়টি পাঁচ ডিসেম্বরের মধ্যে বোঝাপড়া করবে বিএনপি।  বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে।

গাজীপুর জেলা বিএনপির এই সভাপতি আরও বলেন, পৌর নির্বাচনে জোটগতভাবে অংশ নিচ্ছে বিএনপি। তাই জোট শরিকদের সঙ্গে অবশ্যই প্রার্থিতা ভাগাভাগি হবে।

জানা গেছে, জোটের শরিক দল নিবন্ধন স্থগিত থাকা জামায়াতে ইসলামী ১০০ পৌরসভা চায় বিএনপির কাছে। শেষ পর্যন্ত ১৫-২০ পেতে পারে দলটি, এমনটি ধারণা করা হচ্ছে।

জোটের আরেক শরিক খেলাফত মজলিস সারাদেশে ৫টি পৌরসভায় মেয়রপদে প্রার্থী মনোনয়ন দিয়েছে। মেয়র প্রার্থীরা হলেন, মানিকগঞ্জের সিঙ্গাইরে মাওলানা আশরাফ আলী ( মানিকগঞ্জ জেলা সভাপতি), টাঙ্গাইলে মাওলানা হাসানাত আল আমীন (টাঙ্গাইল জেলা সেক্রেটারি), সিলেটের জকিগঞ্জে মো. জাফরুল ইসলাম (জকিগঞ্জ উপজেলার সহ-সভাপতি), সিলেটের গোলাপগঞ্জে আমিনুল ইসলাম (গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি) ও মৌলভিবাজারের কমলগঞ্জে মো. নজরুল ইসলাম।

দলটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী বলেন, এই পাঁচজনের বিষয়ে কম্প্রোমাইজ হবে না। সমর্থন দিলেও প্রার্থিতা করা হবে, না দিলেও হবে।

এছাড়া ইসলামী ঐক্যজোট এখন পর্যন্ত ১০টি স্থানে প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

গুলশানের সংবাদ সম্মেলনে মিলন বলেন, নানা প্রতিকূলতার পরেও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। যদিও নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে, তারপরও আমাদের প্রত্যাশা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।

সারাদেশে স্থানীয় প্রশাসন বিএনপির প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ফজলুল হক মিলন। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণের শেষ দিকে চলে এসেছে বিএনপি।

কার্যালয় সূত্র জানায়, প্রথম দিন ১৭২ জন মেয়র প্রার্থীর হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়ার পর ৬৩ প্রত্যয়নপত্র দল মনোনীত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

/এসটিএস/এমএনএইচ/