নাসিরউদ্দিনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের লোকজন ওই হামলা চালিয়েছে। তবে আওয়ামী লীগের দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। এখন তারা আওয়ামী লীগকে দোষারোপ করে স্ট্যান্টবাজির চেষ্টা করছে।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় তারাব পৌরসভার নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিনকে বিএনপি মনোনীত করেছে।
নাসিরউদ্দিন জানান, শনিবার দুপুরে তার বাড়িতে ঘরোয়াভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলাদ মাহফিল অনুষ্ঠানের জন্য তৈরি প্যান্ডেলে হামলা করে এবং ভাঙচুর চালায়। তবে হামলাকারীদের কারও নাম জানাতে পারেননি তিনি।
তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনা আমাদের কোনও নেতাকর্মী করেনি। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থীর লোকজন ঘটিয়েছে বলে আমাদের ধারণা। আর সেই ঘটনা এখন আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করে স্ট্যান্ডবাজি চলছে।’
রূপগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই জয়নাল আবেদীন জানান, তাদের কাছে এ ধরনের কেউ কোনও অভিযোগ দেয়নি।
/এসএম/এসটি/