যশোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

poro-nirbachon 

যশোর পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নুকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি সেবা সংঘ স্কুলে নৌকা মার্কার পক্ষে নির্বাচনি সভায় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার প্রকাশ্যে বলেছেন, ‘৪নং ওয়ার্ডে অন্য কোনও দলের প্রার্থীর পোস্টার থাকবে না। শুধু তাই নয়, তিনি এও বলেছেন- কোনও ভোটকেন্দ্রে তাদের (অন্য প্রার্থীর) নির্বাচনি এজেন্টও থাকবে না।’

চুন্নু দাবি করেন, প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার পর থেকেই শাহীন চাকলাদারের কর্মীরা তাকে নিয়মিত হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর দুপুরে শাহীন চাকলাদারের সমর্থক তমালের নেতৃত্বে ৮-১০ সন্ত্রাসী তার তিন কর্মীকে মারধর ও পোস্টারে আগুন দেয়। তারা সেসময় তার ছেলে সুমনকে অপহরণেরও চেষ্টা করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

তিনি প্রশাসনের কাছে দাবি করেন, সন্ত্রাস আর হুমকিমুক্ত সুষ্ঠু পরিবেশে যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হোক।

যশোরের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকেও এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ করে প্রতিকার চেয়েছেন বলে জানান স্বতন্ত্র মেয়র প্রার্থী চুন্নু।

/এআর/এসটি/