প্রার্থিতা ফিরে পেলেন বেতাগীর মেয়র প্রার্থী আলতাফ

Mobile_cort

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন বেতাগীর বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাস। তার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে তার অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ ডিসেম্বর) বেতাগীর আলতাফ হোসেন হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে একটি রিট আবেদন করেন। পরে মঙ্গলবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও এফ আর এম নাজমুল আহসান মঙ্গলবার এ রায় দেন।

আলতাফ হোসেনের পক্ষে রিট আবেদন করেন মো. রবিউল আলম ও মো. শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

৩ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন পেয়ে বেতাগী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আলতাফ হোসেন। একই দিন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন দলীয় প্রধানের স্বাক্ষরিত অপর একটি মনোনয়নপত্র হস্তান্তর করেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরকে। পরে রিটার্নিং অফিসার যাচাই বাছাই শেষে আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করে গোলাম কবিরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

পরে আলতাফ হোসেন জেলা প্রশাসকের কাছে আপিল করেন। জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম তার আপিল আবেদন খারিজ করে দেন। জেলা প্রশাসকের রায়ের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও তার খারিজ হয়ে যায়।

এ প্রসঙ্গে আলতাফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চের বিচারকরা আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার আর কোনও বাধা নেই।’

 

/এসটি/