মানিকগঞ্জ পৌর নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মো. নাসির উদ্দিন আহম্মেদ যাদু। এ ব্যাপারে শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের একটি কপি মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিকদের কাছে দিয়েছেন তিনি।
নাসির উদ্দিনের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী মো. রমজান আলী তার লোকজন দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রচারে বাধার সৃষ্টি করছেন।
অভিযোগপত্রে আরও জানান, প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রমজান আলী ধানের শীষের প্রার্থীর লোকজনকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করাচ্ছে। গ্রেফতার করা ১৭ জন নেতাকর্মীর নামও সংযুক্ত করা হয়েছে ওই অভিযোগ পত্রের সঙ্গে।
এ বিষয়ে জানতে শনিবার মানিকগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী আসাদুজ্জামান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগপত্র তার হাতে পৌঁছায়নি।
/আরএ/এসটি/