প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘অদক্ষ শ্রমিক প্রেরণে সতর্কতাসহ এখন থেকে বিদেশে দক্ষ শ্রমিক রফতানির উপর গুরুত্ব দেওয়া হবে। এজন্য উপজেলাভিত্তিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে; এসব ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিদেশে যোগ্য কর্মী তৈরি করা হচ্ছে।’
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমরান আহমেদ বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী কর্মীদের জন্য সেভহোম-এর ব্যবস্থা করা হচ্ছে। সৌদি আরবে এ কার্যক্রম শুরু হয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাতেও নারী কর্মীদের জন্যে সেভহোম-এর ব্যবস্থা করা হবে। এতে নারীকর্মীদের খাওয়া-থাকার সুবিধাসহ নিরাপত্তাজনিত দুশ্চিন্তা কেটে যাবে।’ এ ছাড়া, প্রবাসীদের মৌলিক সমস্যার সমাধানে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন প্রতিমন্ত্রী।
দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত বৈধপথে রেমিটেন্স প্রেরণ বিষয়ক এই মতবিনিময় সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন– অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন। সভায় দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন– কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান।