২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের জন্য দেশের ৯০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (এফআইটি) হজযাত্রীদের নির্ধারিত এসব কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, টিকা গ্রহণের তারিখ পরে হজযাত্রীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় এবং ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে।
এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd এবং হজ পোর্টাল www.hajj.gov.bd-এ পাওয়া যাবে।