এতো খারাপ নির্বাচন দেশের মানুষ দেখেনি: মির্জা ফখরুল

ফখরুল ইসলাম আলমগীরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই ব্রিটিশ আমল থেকে এতো খারাপ নির্বাচন মনে হয় এ দেশের মানুষ আর দেখেনি। এই নির্বাচন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেনি, সমগ্র নির্বাচন ব্যবস্থাকেই পরিকল্পতিভাবে ধ্বংস করে দিয়েছে।
শনিবার রাত ৮টায় জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির এক বর্ধিত সভায়  তিনিএ মন্তব্য করেন।
আরও পড়তে পারেন: মানুষের জীবনের দাম কমে গেছে
ফখরুল আরও বলেন, সুষ্ঠু, অবাধ নির্বাচনে মাধ্যমে তারা কোনও দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতাসীনরা বিরোধীদলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সকল স্তম্ভকে ভেঙে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনও বিকল্প নেই।
তিনি বলেন, এবারও সরকার বাজেট দিয়েছে। অর্থমন্ত্রী খুব জোর গলায় বলেছেন উচ্চবিলাসি বাজেট তিনি বাস্তবায়ন করতে পারবেন। গতবারেও তারা বাজেট দিয়ে বলেছিলেন। বলেছিলেন আমরা বাজেটের সবকিছুই অর্জন করবো কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা কিছুই অর্জন করতে পারেননি। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো তা অর্জিত হয়নি। তারপরও সরকার এবার ৩০ শতাংশবাড়িয়েছে বাজেট পরিধি। কিন্তু বর্ধিত সেই অর্থ  কোথা থেকে  আসবে তা উল্লেখ নেই বাজেটে।  
ফখরুল বলেন, ‌‌বিএনপি অন্যায়ের কাছে কখনও মাথা নত করে না। আপোস করে না। জিয়াউর রহমানের মতো স্বাধীনতার পতাকা নিয়ে আন্দোলন করছেন খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করছেন।  আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি।  আমাদের কিছু ত্রুটি থাকতে পারে তবে গণতন্ত্রের জন্য আপোস করবো না 
আরও পড়তে পারেন: ইউপি নির্বাচনের শেষ ধাপেও ঝরে গেলো চার প্রাণ

মির্জা ফখরুল বলেন, মামলা দিয়ে কিভাবে খালেদা জিয়াকে অন্তরীণ রাখা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সব ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি বলেন, বিএনপি নেই বলে আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন।  অথচ প্রতিটি বক্তব্যে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে।  ভিন্নমত পোষণকারীদের হত্যা করছে  আওয়ামী লীগ অথচ তার জন্য দোষারোপ করা হচ্ছে বিএনপিকে।
এ সময় আরও বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আবদনান প্রমুখ।