ফখরুলের ভাবনা, দেশের কর্তৃত্ব গ্রহণ করেছে জঙ্গিবাদীরা




ফখরুল ইসলাম আলমগীরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন,‘ভোটারবিহীন’ সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গিবাদী উগ্রপন্থীরা দেশের কর্তৃত্ব গ্রহণ করেছে। দেশব্যাপী চলছে বেছে বেছে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন ভিন্ন মতাবলম্বী ব্লগার, ধর্মগুরু, পুরোহিত, যাজক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশি নাগরিক, মসজিদের ঈমাম-মুয়াজ্জিন,পীর ও পীরের শিষ্য, প্রকাশক,পুলিশ সদস্য ও তাদের পরিবার।
দলের সহ-দফতর সম্পাদক আসাদুল শাহীন স্বাক্ষরিত মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এদিন ভোরে দুর্বৃত্তদের হাতে নিহত ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যার প্রতিবাদে এ বিবৃতি দেন ফখরুল। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আরও পড়তে পারেন: পুলিশকে দুর্বল করা সম্ভব নয়: মনিরুল ইসলাম
ফখরুল বলেন,গত পরশু চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা ঘৃণ্য ও কাপুরোষোচিত অমানবিক কাজ। নাটোরের খ্রিষ্টান মুদি দোকানি দানিয়েল গোমেজকে হত্যা নজীরবিহীন এক নৃশংসতা। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলাকেটে পৈশাচিকভাবে হত্যা করেছে জঙ্গিরা।
মির্জা ফখরুল মনে করেন, জঙ্গিবাদের মরণঘাতী আঘাত এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই দেশের কোনও না কোনও জায়গায় দানবীয় আক্রমণের শিকার হচ্ছেন কেউ না কেউ।

বিবৃতিতে জানানো হয়, সংগঠিত জঙ্গিরা দেশের মধ্যেই একের পর এক অভয়ারণ্য তৈরি করে যাচ্ছে এবং তাদের অস্তিত্ব ধ্বংস হওয়ার চেয়ে আরও বেশি পুষ্টি লাভ করছে।

মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, জঙ্গিবাদের ফলে সৃষ্ট দেশব্যাপী রক্তক্ষরণের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের আদৌ কোনও ইচ্ছা সরকারের আছে কিনা তা নিয়ে জনমনে এক বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, জঙ্গিবাদ দমনে সরকার এখন পর্যন্ত কোনও বিশ্বাসযোগ্য অগ্রগতি সাধন করতে পারেনি।
আরও পড়তে পারেন: জঙ্গিদের বিরুদ্ধে ‘নতুন যুদ্ধ’ ঘোষণা আরেক পুলিশ কর্মকর্তার


তিনি বলেন, জঙ্গিদের নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার কারণেই সবার মধ্যেই আতঙ্ক ও ভীতির সীমানা ক্রমাগতভাবে বিস্তার লাভ করছে। উগ্রপন্থীদের হামলা রোধে দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব।

এসটিএস/এমএসএম /