১৪ দলীয় জোটের মানববন্ধনে কাদের

জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে মানববন্ধন নয়, প্রয়োজন অ্যাকশনধর্মী কর্মসূচি


সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরজঙ্গিবাদ ও সন্ত্রাসকে চিরতরে এদেশ থেকে বিতাড়িত করতে হলে মানববন্ধনের মত কর্মসূচি দিলে হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের নির্মূল করতে হলে বড় ধরনের অ্যাকশনধর্মী কর্মসূচি দেওয়া প্রয়োজন।
রবিবার বিকেলে রাজধানীর আসাদগেটে ‘দেশে চলমান গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অ্যাকশনধর্মী কর্মসূচি কী ধরণের হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অ্যাকশনধর্মী কর্মসূচি দ্বারা অস্ত্র বোঝাচ্ছি না। এটা হতে পারে পঞ্চাশ থেকে একলাখ লোকের একসঙ্গে মিলিত হয়ে বড় ধরনের বিক্ষোভ মিছিল।
তিনি বলেন, আমি বোঝাতে চাচ্ছি খণ্ড খণ্ড কর্মসূচি না দিয়ে মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক ওপ্রগতিশীল সকল শক্তিকে একই প্লাটফর্মে এসে জঙ্গি ও গুপ্তহত্যাকারী ও তাদের দোসরদের প্রতিহত করা। কারণ রাজনীতিতে প্রকাশ্য শত্রুর চেয়ে এই গোপন শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর।
সরকার সাম্প্রতিক গুপ্তহত্যার কারণে ভীত কিনা এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক হানাদারদের পরাজিত করে লক্ষ জীবনের বিনিময়ে একটি দেশ স্বাধীন করেছে, ক্রিকেটের মাধ্যমে বিশ্বে ব্যাপক পরিচিত লাভ করেছে তারা,কখনও ভীত হতে পারে না।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনারা কি কখনও প্রধানমন্ত্রীর বক্তব্যে, কথাবার্তায় কোনও দুর্বলতা পেয়েছেন? আমরা ভীত হওয়া জাতি নই। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সকল শান্তিপ্রিয় মানুষ আছি। জঙ্গি, গুপ্তহত্যাকারী, এদের পেছনে যারা আছে, যারা অর্থ যোগান দিচ্ছে তারা সকলেই পরাজিত হতে বাধ্য।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা তারেক তৃপ্তি প্রমুখ।

পিএইচসি/ এপিএইচ/

আরও পড়ুন:

সারাদেশের লঞ্চ টার্মিনালে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

‘পাকিস্তানের বিবৃতি একাত্তরের দায় স্বীকারের শামিল’

কারাগারে বন্দিদের ঘুমানোর জায়গা ৩৬ বর্গফুট: স্বরাষ্ট্রমন্ত্রী