২৩ জুলাই সন্ত্রাসবিরোধী দিবস পালন করবে খেলাফত মজলিস





খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনআগামী ২৩ জুলাই সারাদেশে সন্ত্রাসবিরোধী দিবস পালনসহ ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে খর্ব করা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নিয়মতান্ত্রিক ইসলামি আন্দোলনকে রোধ করা সন্ত্রাসবাদের অন্যতম উদ্দেশ্য। তাই দেশ ও জাতির স্বার্থে, ধর্মের স্বার্থে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে এর মোকাবিলা করতে হবে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদবিরোধী সচেতনা সৃষ্টির লক্ষ্যে খেলাফত মজলিস সন্ত্রাসবিরোধী দিবস পালন ছাড়াও সন্ত্রাসবাদবিরোধী মানববন্ধন, মিছিল, গোলটেবিল বৈঠক ও উলামা সমাবেশ, মতবিনিময়, আলোচনার আয়োজন করবে বলেও জানান তিনি।
আহমদ আবদুল কাদের বলেন, সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে নোংরা রাজনৈতিক ফায়দা হাঁসিলের মানসিকতা পরিহার করে সমস্যা গভীরে যাওয়া প্রয়োজন। দেশের তরুণদের মধ্যে বিরাজমান যে গভীর হতাশা, পরিবার বিমুখতা, আত্মকেন্দ্রিকতা দূর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আহমদ আবদুল কাদের বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবীর পক্ষ থেকে ইসলামি শিক্ষা, ইসলামি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদগার এবং সরকার কর্তৃক পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়ার কার্যক্রমও পরিস্থিতি উন্নয়নে মোটেই সহায়ক নয়। মসজিদে নজরদারি, খুতবা মনিটরিং করাও এর কোনও সমাধান নয়। মসজিদ থেকে কখনও সন্ত্রাস সম্পর্কে প্ররোচনা দেওয়া হয় না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান মাযহারী, অর্থ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।
/সিএ/এমএনএইচ/