‘সংকট কাটাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’

দেশের বর্তমান সংকটপূর্ণ অবস্থা উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে কথা বলে তারা দেশ ও জাতির বন্ধু হতে পারে না। এ অবস্থায় অর্থবহ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। জনগণও এখন সেই ঐক্যের প্রত্যাশায় রয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেছেন তিনি। তৃণমুল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।  

কোকোর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অকালে মৃত্যুরবণ করেছেন কোকো। ১/১১-র অবৈধ সরকার দেশটাকে বিরাজনীতিকরণ করতে গিয়ে জিয়া পরিবারের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছে তারই ফল হচ্ছে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা। আলোচনায় অংশ নেন জাতীয়তাবাদী দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাসুম বিল্লাহ, কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতা আহমেদ শাকিল প্রমুখ।

/টিএন/

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূলে দরকার সরকার-জনতার যৌথ আন্দোলন